১২ সেপ্টেম্বর ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাট উপজেলার তিনটি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ সড়কের উনাইর হাওর বাইপাস রাস্তার বেহালদশা। এ রাস্তায় যান ও জন চলাচলের ভোগান্তি নিরসনে জনপ্রতিনিধিগণ সফল উদ্যোগ গ্রহণ করেছেন। যা সর্বমহলে প্রশংসিত ও প্রশান্তির ছোয়ায় এলাকার মানুষের হৃদয়কে করেছে প্রশমিত। হতাশার অন্ধকারে নিমজ্জিত মানুষ কিছুটা হলেও দেখছে আশার আলো।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়,উপজেলার ১২ নং সদর ইউনিয়নের পিরোজপুর সোনার হাট সড়কের উনাইর হাওরে গত ২০২১ সালের শেষের দিকে পুরাতন ব্রিজ কে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীর গতিতে নির্মিত বাইপাস সড়ক দিয়ে বর্ষা মৌসুমে যান ও জন চলাচলের ভোগান্তি ছিল চরমে। উপজেলার সদর, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউপি সহ তিনটি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতে দুর্বিষহ হয়ে উঠে জনজীবন।একটু বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাঁদা ভারী বৃষ্টিতে বন্যা। প্রায় তিন বছর ধরে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষজনকে।যার দায়ভার ও জবাবদিহিতা এসে পড়ে স্থানীয় জনপ্রতিনিধি গনের উপর।স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মাঝেমধ্যে সংস্কার করা হলেও প্রাকৃতিক দুর্যোগে পূর্বের ন্যায় হয়ে যায় বাইপাস রাস্তার অবস্থা। তাই যান ও জন চলাচল কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। যা স্থানীয় জনপ্রতিনিধিদের ভাবিয়ে তুলে। তাঁদের কাজের ও বরাদ্দের নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকায় গ্রহণ করতে পারেন না বড় কোন উদ্যোগ।
সরেজমিন গিয়ে দেখা যায়, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উনাইর সেতু সংলগ্ন বাইপাসে যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের তত্ত্বাবধানে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সরেজমিন তদারকিতে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা দিয়ে এগিয়ে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এছাড়াও ব্যাক্তিগত তহবিল থেকে সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন ও পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
নির্বাচিত এসব জনপ্রতিনিধিরা উনাইর ভাঙ্গার বাইপাস সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে নিয়মিত পরিদর্শন ও পরামর্শ দিয়ে কাজ এগিয়ে নিয়েছেন।
চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন জানান,বহুল আলোচিত উনাই ভাঙার ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। ম,ঙ্গলবার দুপুর ১২টা হতে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীর গতি ও তাদের গাফিলতিতে জন সাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশে আমরা জনপ্রতিনিধিগণ সংস্কার কাজ করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলছি।