২৬ মার্চ ২০১৮

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার রাতে নগরীর কীনব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিন সুরমা থানার ওসি খায়রুল ফজল।
নিহত মাহিদ আল সালাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন । বর্তমানে তার স্নাতকোত্তর শেষ হয়েছে।
ওসি বলেন, রাত ১২টার দিকে কীনব্রীজ এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মাহিদ।পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে।
মাহিদ পরিবারের সাথে শহরের মদিনা মার্কেটে নিজেদের বাসায় থাকতেন। তার বাবার নাম মুক্তিযোদ্ধা মরহুম এম এ সালাম। তার চাচা এ টি এম হাসান জুবেল মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
তবে পরিবারের কেউ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কারো সাথে যোগাযোগ করেননি। ওসমানি মেডিকেলেও তার লাশ দেখতে পরিবারের কেউ আসেননি বলে জানান প্রক্টর জহীর উদ্দিন আহমেদ ।
মাহিদের পরিবারের বরাত দিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্বপন আহমেদ বলেন, তিনি ঢাকায় যাওয়ার জন্য উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই মাহিদ আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈ’ এর সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
ওসি খায়রুল ফজল বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, ওসমানি মেডিকেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে শাবি শিক্ষার্থী একজন নিহত হয়েছে। আমরা সেখানে গিয়েছি। মাহিদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।