২৫ মার্চ ২০১৮


ফেঞ্চুগঞ্জে নির্বাচনী মাঠে ছাত্রলীগ-ছাত্রদল

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার আসন্ন ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ ছাত্রদলের কার্যক্রম এখন ফেঞ্চুগঞ্জমুখী। প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠন এই দু’ছাত্র সংগঠন তাদের মূল দলের মতোই সর্বশক্তি নিয়োগ করেছে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। তাদের সঙ্গে অংশ নিয়েছেন সাবেক ছাত্রনেতারাও। লক্ষ্য নিজ নিজ প্রার্থী জিতিয়ে নেয়া।

আর এ জন্য তারা সকাল থেকে রাত পর্যন্ত উভয় দলের অন্তত ১ হাজার নেতাকর্মী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। তারাই চষে বেড়াচ্ছেন উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সড়ক থেকে শুরু করে অলিগলি ও মেঠোপথ। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর ভোট প্রার্থনা করছেন। বিগত প্রায় এক সপ্তাহ ধরে এ কার্যক্রম চালাচ্ছেন তারা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ-সম্পাদক এম. ফারহান সাদিক এ প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। ভোর হলেই নেমে পড়েন নির্বাচনের মাঠে। সংগঠনের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী সহ সংগঠনের নেতাকর্মীরা আলাদাভাবে টিমগুলোর নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক টিমে ১০ থেকে ১২ জন করে সদস্য রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের ৫টি টিম পৃথকভাবে প্রতিটি ওয়ার্ড ভাগাভাগি করে প্রচারণায় নেমেছে। একইভাবে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও ৫টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ বলেন, তাদের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নিয়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন ৫টি টিমে। তাদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের ওয়ার্ডভিত্তিক আরও একটি করে টিম রয়েছে। এর বাইরে ‘ফ্লোটিং’ (ভাসমান) টিম রয়েছে আরও অর্ধশত। তবে এ ফ্লোটিং টিম শুক্রবার কাজ শুরু করেছে।

অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম-আহ্বায়কবৃন্দ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ পৃথকভাবে প্রচারণা টিমের নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রলীগৈর মত তারাও ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। খোদ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সার্বিক কর্মকান্ড মনিটরিং করছেন। তবে প্রচারণা কাজ মাঠে সূচারুরূপে সম্পন্নে তারা সিনিয়র নেতাকর্মীদের দিক নির্দেশনা মেনে চলছেন। মনিটরিং এর দায়িত্বে রয়েছেন উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতারা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম.জে আহমেদ জাবেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রধান দুটি রাজনৈতিক দলই নির্বাচনকে অতি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তিনি আরো বলেন, উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল ও ৫টি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের স্ব স্ব অবস্থান থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি মনোনীত প্রাথীদের জন্য প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ সময় পর্যন্ত এ প্রচারণা চালানোর কথা জানান তিনি।

(আজকের সিলেট/২৫ মার্চ/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন