২৫ মার্চ ২০১৮
আজকের সিলেট ডেস্ক : আপাতত একটি ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যাচ্ছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো সহিংসতা যেনো না হয় সেদিকেও সতর্ক থাকবে প্রায় একযুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশে এ বহত্তর রাজনৈতিক জোট। ২৪ মার্চ শনিবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই মুহূর্তে বিরোধীজোট অন্যকোনো ইস্যুতে আন্দোলন করছে না। আগে বেগম খালেদা জিয়ার মুক্তি পরে জাতীয় নির্বাচন ও অন্য ইস্যুতে আন্দোলনে যাবে ২০ দলীয় জোট।
মূলত বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো শক্তিশালী করতে সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। বৈঠকে অংশ নেয়া নেতারা আলাপ-আলোচনা করে সারা দেশে বিভাগীয় ও জেলা শহরগুলোতে ২০ দলীয় জোটের ব্যানারে সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। এ প্রতিবেদককে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় কাজে বেশি সময় দিতে হচ্ছে, সেকারণে তিনি ২০ দলীয় জোটের কার্যক্রমে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না বলে আজকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জোটের সমন্বয়কের নতুন দায়িত্ব দেয়া হয়।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বেই আজকে বৈঠক শুরু হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। এছাড়া আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
এতে ২০ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এমএ রকিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লূৎফর রহমান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব মোহাম্মদ আব্দুল কাশেম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আব্দুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ন্যাপ-ভাষানীর অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ পিপলস লীগের গরীব নেওয়াজ, লেবার পার্টি একাংশের ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং অন্য অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)-এর যুগ্ন মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
তাছাড়া বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান।
(আজকের সিলেট/২৫ মার্চ/ডি/এসসি/ঘ.)