৩০ আগস্ট ২০২৩


নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠলো ফয়েজের লাশ

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ আবুল ফয়েজের (৪০) লাশ চারদিন পর ভেসে উঠেছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে হাওরটির আনন্দনগর এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন।

নিহত আবুল ফয়েজ উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এর আগে নৌকাডুবিতে নিখোঁজ শাহ আলমের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে তাহিরপুর সদর বাজার থেকে ইঞ্জিনবাহী একটি ছোট কাঠবডি নৌকাযোগে শাহ আলম ও আবুল ফয়েজ বাড়িতে ফিরছিলেন। মাটিয়ান হাওর দিয়ে যাওয়ার সময় ঝড় শুরু হলে বড় বড় ঢেউ উঠে এবং তাদের নৌকাটি ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়ে পড়েন।

নিহত ফয়েজের ভাতিজা আরিফুজ্জামান আরিফ বলেন- চারদিন পর আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মাটিয়ান হাওরের আনন্দনগর এলাকায় চাচা আবুল ফজলের লাশ ভসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা গিয়ে লাশটি উদ্ধার করেন।

লাশ উদ্ধারের বিষয়টি তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন