২৯ আগস্ট ২০২৩
সজিব শর্মা, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুরের নরজুল নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার আট দিন পর যান চলাচল শুরু হয়েছে। সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও নামক স্থানে বেইলি ব্রিজে ভেঙে যাওয়ার আট দিন পর সংস্কার কাজ শেষ হলে যান চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেয়া হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে পুনরায় রাজধানী ঢাকার সঙ্গে ওই সড়কের সরাসরি যোগাযোগ শুরু হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, ইছগাঁও গ্রামের পাশে স্ট্রিলের ব্রিজের উত্তরপাশের বেইলী ব্রিজের কাজ শেষ হয়ে যানচলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে গাড়ী গুলো চলাচল করতেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে একটি সিমেন্টবাহী ট্রাক জগন্নাথপুরে আসার পথে বেইলি ব্রিজটিতে উঠলে ব্রিজটি ভেঙে ট্রাক নদীর পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় চালকসহ ট্রাকে থাকা দুইজনই ডুবে যায়। দুই ঘন্টাব্যাপি উদ্ধার অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত মালবোঝাই ট্রাক নিয়ে সেতুতে উঠায় সেতু ভেঙ্গেযায় এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে তিনকোটি টাকার ক্ষয়ক্ষতির মামলা করেন পাগলা-ছাতক সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান।