২৯ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৮ বস্তা চিনি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে থানার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ সময় ভারতীয় চিনির ব্যবসার সাথে জড়িত জাহাঙ্গীর নামের অপর ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ইসমাইল মিয়া (৪২)। সে পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানার একদল পুলিশ পশ্চিম জাফলং ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত ছিলেন। ওইদিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে উত্তর প্রতাপপুর নতুন বাজারের দুটি মুদি দোকানের মধ্যে একটি হতে ৫০ কেজি ওজনের ৮ বস্তা ভারতীয় চিনিসহ ইসমাইল মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এসময় প্রতাপপুর গ্রামের আংখালেকের ছেলে জাহাংগীর আলম (৪০) এর দোকান থেকে ১০ বস্তা চিনি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।