২৪ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক ও গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের সালুটিকর এলাকায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত ও অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। নিহতরা হলেন- মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে উপজেলার মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে এসংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সালুটিকর বাজার মসজিদের দখলে থাকা একখন্ড ভূমি নিয়ে শুক্রবার মসজিদের মোতাওয়াল্লী মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শনিবার সকালে উত্তেজনা নিরসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলসহ এলাকার গণমান্যলোকজন মিত্রিমহল গ্রামে যান। আলোচনার একপর্যায়ে বহর গ্রামের লোকজন গুলি ছুঁড়লে সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অর্ধশতাধিক। তাদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, সালুটিকর বাজারে অবস্থিত মসজিদে থাকা একখণ্ড জমির মালিকানা নিয়ে শুক্রবার মসজিদের মোতোওয়াল্লি মিত্রিমহল গ্রামের আবদুস সোবহানের সঙ্গে কথা কাটাকাটি হয় বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
(আজকের সিলেট/২৪ মার্চ/ডি/এসসি/ঘ.)