২৫ আগস্ট ২০২৩
আজকের সিলেট ডেস্ক : দাম কমানোর এক সপ্তাহের মাথায় ফের বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।
শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
নতুন দাম অনুযায়ী শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪১ টাকা। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৯৬ হাজার ৬৩৬ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৮১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ৫০ টাকা করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরির দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।