২৩ আগস্ট ২০২৩
বালাগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মনির হোসাইন। এ লক্ষ্যে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি নৌকার মাঝি হয়ে সিলেট-০৩ আসনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌঁছে দিতে চান। বুধবার বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন মনির হোসাইন।
উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় মদন মোহন মার্কেটের সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে মনির হোসাইন গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ হওয়া তাঁঁর পরিবারের সদস্যদের স্মরণ করেন। পাশাপাশি স্মরণ করেন তিনি সিলেট-৩ আসনের দুইবারের নির্বাচিত এমপি মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরীকেও।
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সন্তান মনির হোসাইন তাঁর বক্তব্যে বলেন- ‘দেশের শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পাড়ি জমালেও আমার মন পড়েছিলো মা-মাটির দিকে। তাই প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময়ের ফাঁকেও দেশের মানুষের সেবা করার তাড়না প্রতিনিয়ত তাড়া করতো আমাকে। যে কারণে বিদেশে থেকেও নিয়মিতই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নানাভাবে।’
আওয়ামী লীগের কঠিন দুঃসময়ের একজন একনিষ্ঠ কর্মী দাবী করে মনির হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাক্ষেত্রে ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত রয়েছি। এছাড়া নিজ উপজেলা সহ অন্যান্য উপজেলার আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছি।’
এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় মনির হোসাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। এ বিষয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি এবং তিন উপজেলার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে তার সঙ্গী ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মো. সুলায়মান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কাজী দুলাল আহমদ, ব্যাংকার ও ছড়াকার সব্য সাচী দেবরায়, মহানগর যুবলীগের সদস্য আপন পুরকায়স্থ, ব্যবসায়ী শাহ কয়েছ চৌধুরী, রুপক দেব প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি হুসাইন আহমদ, যুগ্মসম্পাদক মো. আব্দুল কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, সদস্য রাজীব আহমদ, জাকির হোসেন, তারেক আহমদ প্রমুখ।