২৩ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : পরিবর্তন যদি আনতে হয় তরুণরা ছাড়া সম্ভব নয় এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে লড়াই, সংগ্রাম , যুদ্ধ সবই করতে হবে তরুণদের।
বুধবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নাগরিক সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক’ এ আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ (নুরপন্থি)।
মির্জা ফখরুল বলেন, আমার কষ্ট হয়, যখন কোনো নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় তখন তার ক্যাম্পাস, সহকর্মী তরুণরা কোনো আন্দোলন করে না। আমরা কিন্তু পাকিস্তান আমলে আন্দোলন করেছিলাম। কিন্তু এখনকার তরুণদের মধ্যে তা দেখি না।
তিনি বলেন, এক তরুণকে জিজ্ঞেস করেছিলাম বড় হয়ে কি হতে চাও? তখন সে বলে রাজনীতিবিদ হতে চাই। কেন? এখানে অনেক টাকা! সত্যিই তাই বলে এখনকার সময়। কি পর্যায়ে গেছে তরুণদের ভাবনা।
মির্জা ফখরুল বলেন, কোন সংবিধানের কথা বলে আওয়ামী লীগ, এটা তো আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, যে সংবিধানে কোনো প্রশ্ন করা যাবে না। আওয়ামী লীগের একটি সমস্যা, তারা মনে করে এ দেশের মালিক আওয়ামী লীগই। এর ভেতর থেকে বের হয়ে আসতে হলে বড় একটা ঝাঁকুনি দরকার, সংগ্রাম, যুদ্ধ দরকার। বড় সুনামি ছাড়া আমাদের ঘাড়ে যে পাথর চেপে বসে আছে তা সরানো যাবে না।
আওয়ামী লীগ নেতাদের স্মরণ করিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১৭৩ দিন হরতাল করেছে আওয়ামী লীগ, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, ১১ জনকে গান পাউডার দিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগ। তাদের কি একবার মনে পড়ে না। শিষ্টাচার বলতে আওয়ামী লীগের মধ্যে এমন কোনো জিনিস নেই, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো। তারা আমাদের একক ভাবে গালি দেয়।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের তো পুরোটাই মিথ্যার ওপর, সব কিছু আওয়ামী লীগের মিথ্যার ওপর তৈরি করা। তাদের মন্ত্রীরা যা নির্দেশ দেয় তাই প্রকাশ করা হয়, এখানে এত উৎপাদন হয়েছে, দেখি সেটাই দেখানো হয়।