২২ আগস্ট ২০২৩


ওসমানী হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাবেন ইন্টার্ন চিকিৎসকরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে পরিচালকের ম্যারাথন বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি। নিজেদের নিরাপত্তা আরও জোরদারের দাবিতে তারা আল্টিমেটাম দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের মারধর, নার্সদের হেনস্তা ও ভাংচুর করার প্রতিবাদে আগামীকাল বেলা ১২ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তারা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেখানে আগামীকাল ১২ টার মধ্যে তার দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস প্রদান করেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়া। যদি আমাদের চোখে তা পরিলক্ষিত হয় তবে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিবো।

জানা যায়, সোমবার বিকেলে হাসপাতালের ৩৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন। এসময় চিকিৎসকরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষে ও নার্সের কক্ষে ভাংচুর চালান। এই ঘটনার প্রতিবাদে রাতে বৈঠক করে অনির্দিষ্টাকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টান চিকিৎসক পরিষদ।

শেয়ার করুন