২১ আগস্ট ২০২৩


সিলেট মহানগর আ.লীগের প্রতিবাদ সমাবেশের ব্যানারে ভুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট ২০০৪ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার সিলেট মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের করে। তবে মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির ব্যানারে ছিল ভুল। যেখানে ‘দেশরত্ন’ কে লেখা হয়েছে ‘দেরশরত্ন’। আর ‘জননেত্রীকে’ লেখা হয়েছে ‘জননেত্ররী’।

সিলেট মহানগর আওয়ামী লীগের ব্যানারে এমন ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। সোমবার দুপুর ১২টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করে তারা। পরে মহানগরের কোর্ট পয়েন্টে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন সহ ৪২টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ গণমাধ্যমকে
জানান, বিষয়টি আমরা চোখে পরেনি। এমন ভুল মোটেও কাম্য নয়। যে বা যার এই ভুল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ভুল ক্ষমার অযোগ্য।

শেয়ার করুন