২১ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে সানমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার লাশ পাওয়া যায়।
নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।
তিনি জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে।