৯ আগস্ট ২০২৩
আজমিরীগঞ্জ প্রতিনিধি : কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের এখনো হয় নি চারমাস! তার আগে দেখা দিয়েছে ভাঙ্গন। হবিগঞ্জের আজমিরীগঞ্জে আজমিরীগঞ্জ-পাহাড়পুর ভায়া বদলপুর সড়কের খৈয়ারঢালা (স্যুইচগেট) নামক স্থানে সড়কটিতে সৃষ্টি হয়েছে ভাঙ্গ। বৃষ্টিতে সড়কটিতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে যেকোন সময় সড়কটি বিচ্ছিন্ন হবার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
এলজিইডি সুত্রে জানা যায়- গত বছরের বন্যায় প্রবল পানির স্রোতে খৈয়ারঢালা (স্যুইচগেট) অংশটি ভেঙ্গে যায়। বন্যার পানি নেমে যাবার পর ২০২২-২৩ অর্থবছরে দরপত্র আহবানের মাধ্যমে ১ কোটি ২ লক্ষ টাকা ব্যায়ে ৪৫০ মিটার সংস্কারের কাজটি পায় মোখলেছ এন্টারপ্রাইজ। চলতি বছরের মার্চের শেষের দিকে কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সংস্কার কাজ শেষের মাত্র চার মাসের মাথায় গত কয়দিনের বৃষ্টিতে রাস্তার একপাশে ধ্বস নেমে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, চরমাস আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে সড়কটি। ভালো না হওয়ায় মাত্র তিন চার দিনের হালকা বৃষ্টিতেই সড়কটির ধ্বস নেমে গেছে। মাটি ভরাট করে রাস্তা ভরাটের কথা কিন্তু আমরা দেখেছি নদী থেকে ড্রেজার দিয়ে পুরো কাজে বালু ব্যাবহার করা হয়েছে। যার কারনে এখন বৃষ্টিতে রাস্তার ধ্বসের সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙ্গে বিচ্ছিন্ন হলে হাজারো মানুষ চলাচলে দুর্ভোগে পড়বে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী জাফর আহমেদ বলেন, মোখলেছ এন্টারপ্রাইজের সিকিউরিটির অর্থ এখনো জমা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজটি পুনারায় মোখলেছ এন্টারপ্রাইজকে দিয়ে সংস্কার করানো হবে।