৭ আগস্ট ২০২৩


আখালিয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসএমপি কমিশনার

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড়স্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) ও সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন- ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। লাইভে অনেকেই বিভিন্নভাবে এই বিষয়টি ছড়িয়ে দিয়েছেন। উস্কানীমূলক কথাবার্তা বলে মানুষকে জড়ো করেছেন। তদন্ত করে যাদের গুজব ও উস্কানীমূলক বক্তব্য পাবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।যাদেরকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে তারা ছাত্র জীবনে শিবিরের সক্রিয় সদস্য ছিলেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রবিবার রাত ১০টার দিকে আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এক শিক্ষকের বিরুদ্ধে পবিত্র কুরআন পুড়ানোর অভিযোগ উঠে। এসময় খবর পেয়ে উত্তেজিত জনতা তাদের আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশ তাদের এক রুমে নিয়ে হেফাজতে রাখেন।

রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ টিম সিআরটি এবং জালালাবাদ ও কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ এবং র‍্যাব-৯ ঘটনাস্থলে পৌঁছে।

এসময় উত্তেজিনত জনতার একাংশ সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
রাত সাড়ে ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধ্য হয়ে ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে।পরে ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন উত্তেজিত স্থানীয় জনতা। রাত ২টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ।

এসময় আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ার‌ম্যান ও শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শেয়ার করুন