৫ আগস্ট ২০২৩
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে কীটনাশক পান করে রুহিত মিয়া (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ককাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহিত উপজেলার ফতেপুর ইউনিয়নের ককাশিপুর গ্রামের জহুর মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে কীটনাশক পান করে রুহিত। তার গোঙ্গানির শব্দশুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কীটনাশক পান করে থাকতে পারে। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায় নি। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।