১৮ মার্চ ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। আহত হন বিকাশ চন্দ্র দাস সহকারী পুলিশ পরিদর্শক। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামের এ ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়নপাশা গ্রামের জালাল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে ধরতে রাত দুইটার দিকে পুলিশ গেলে তিনি পুলিশের এএসআই বিকাশকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আসামিকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাশকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
(আজকের সিলেট/১৮ মার্চ/ডি/এমকে/ঘ.)