৩ আগস্ট ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪৯ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার সবজির আড়ৎ এর পশ্চিম পার্শ্বে মোঃ জজ মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মোঃ জজ মিয়া (৭০) ও কিরণপাড়া গ্রামের নূরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল কাদের (৩৩)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার সবজির আড়ৎ এর পশ্চিম পার্শ্বে মোঃ জজ মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ২০ টি সাদা রংয়ের ভারতীয় চিনির বস্তায় ৫০ কেজি করে মোট ১০০০ কেজি ভারতীয় চিনি এবং মোঃ আব্দুল কাদেরের মালিকানাধীন ২৯ টি অফহোয়াইট রংয়ের বস্তায় ৫০ কেজি করে মোট ১৪৫০ কেজি ভারতীয় চিনিসহ তাদের আটক করে র্যাব।
র্যাব-৯,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার মোঃ মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।