৩ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে নারীর প্রতি সহিংসতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পৃথক ঘটনায় একই দিনে দুই নারী খুন হয়েছেন । বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে খুনের ঘটনাগুলো ঘটে।
গোয়াইনঘাট উপজেলায় প্রতিবেশী যুবকের দায়ের কোপে এক গৃহবধূ খুন হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর প্রতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০) প্রতাপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জরিনা তার মেয়েকে নিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। পার্শ্ববর্তী বাড়ীর নোয়াব আলীর বসতঘরের পিছন দিয়ে যাওয়ার সময় নোয়াব আলীর ছেলে সিদ্দিকুর রহমানের (২২) সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় পর্যায়ে সিদ্দিকুর রহমান বসতঘর থেকে দা নিয়ে জরিনাকে এলোপাতাড়ি কোপা থাকে।
জরিনার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেন এবং গুরুতর আহত জরিনাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরিনার শারীরিক অবস্থা গুরুতর হওেয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে জরিনা মৃত্যু কোলে ঢলে পড়েন। ময়না তদন্তের জন্য জরিনার লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এঘটনায় পুলিশ ঘাতক ছিদ্দিকুর রহমানকে আটক করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান।
এদিকে সিলেটের কোম্পানীগঞ্জে নিজ ঘর থেকে এক মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ারবাজার এলাকার বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালেখা বেগম (৫২) উপজেলার বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলে নিয়ে ৬ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় আজকের সিলেটকে জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ছালেখা বেগমের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। এসময় ঘরে পরিবারের কেউ ছিলনা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।