২৬ জুলাই ২০২৩


হবিগঞ্জে ৭ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা : বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে বাগানের প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। তাই তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে হুমকি তাদের।

গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্ট্রেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিত ভাবে জানায় চা শ্রমিকরা। মালিকপক্ষ সারা না দেয়ায় ৩ জুলাই থেকে কর্মবিরতী, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

মানববন্ধনে চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ দাস, সমীরণ বাকতি, পদ্মা মুন্ডা, সীমা ভৌমিক ও বিষকা কর্মকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, শনিবার (২২ জুলাই) দুপুরে চা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শেয়ার করুন