২৬ জুলাই ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের উপর থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরীক্ষার্থীর নাম শান্ত দেবনাথ। সে রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে ও মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গলের বাস্তহারা কলোনি এলাকায় রেললাইন থেকে দুই হাত ও পেট কাটা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বিকালে বাড়ি থেকে খেলাধুলার জন্য বাইরে যায় শান্ত কিন্ত অনেক রাত হয়ে পড়লেও সে বাড়িতে ফিরে না আসায় আমরা সব জায়গায় খোঁজ নেই। এরইমধ্যে রাত ১১টার দিকে পুলিশ মোবাইল ফোনে কল করে তার মাকে জানায় শ্রীমঙ্গলে রেললাইনের উপরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে আমি শ্রীমঙ্গলে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত রেছি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনালের পাশে বাস্তহারা কলোনি এলাকায় রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পেট, বাম হাত কনুই থেকে এবং ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে শান্ত মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।