২২ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের মেজরটিলায় স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিশ্বজিৎ দেব নাথ (২৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে ও সিলেটের মেজরটিলা নুরপুর বিয়ানী হাউসের বর্তমানে বাসিন্দা।
শনিবার (২২ জুলাই) গ্রেফতারেরবিষয়টি তথ্য নিশ্চিত করেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়েরভ তিনি জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরতলী জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।’
এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা দুইটার দিকে নগরীর শাহপরান মেজরটিলা নাথপাড়া এলাকায় বিশ্বজিৎ-এর উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী শিমলা রাণী নাথ (২১) খুন হন। শিমলা নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার নিপেন্দ্র নাথের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩টার দিকে নিহত শিমলা রাণী নাথ ঘরের কাজ করছিলেন। এসময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বিশ্বজিৎ। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।