১৭ জুলাই ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথে উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়নে বহুল কাঙ্খিত ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের মধ্যে হাতেগুনা কয়েকটি কেন্দ্রের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে দেওকলস ইউনিয়নে প্রায় ১২ বছর পর, আর বাকি ৪টি ইউনিয়নে প্রায় ৭ বছর পর বহুল কাঙ্খিত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভোট প্রয়োগে ভোটাররা ছিলেন সরব। তবে প্রায় সবকটি কেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এবারের নির্বাচনে উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ‘চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৮৪ জন’ প্রার্থীসহ সর্বমোট ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে চলে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগহণ। ৫টি ইউনিয়নে থাকা ৪৫টি ভোট কেন্দ্রে ওই ৫ ইউনিয়নের প্রায় ৭৯ হাজার ৭৭১ জন ভোটার প্রায় ৬০% ভোটার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩টি (চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য) পদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।