৮ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীতে সুরমা নদীতে গোসল করতে নেমে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মাহি আহমেদ (১৬)। মাহি পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে।
বুধবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহি ও তার বন্ধু নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মাহি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে বিষয়টি তার বন্ধু স্থানীয়দের জানালে তারাভ জাতীয় পরিসেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান।
এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে অভিযানে নামে। অনেক খোঁজাখুজির পরেও রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ডুবুরি দল অন্ধকারের জন্য তাদের অভিযান বন্ধ করেন। আগামীকাল সকাল থেকে আবারো অভিযান শুরু করবে বলে ফায়ার সার্ভিসের এই দল জানায়
শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি একটি দল অনেক খোঁজাখুজি করেও ওই শিক্ষার্থীকে পায়নি।