১৩ জুলাই ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে নৌকাডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক ফরিদ মিয়া (৪৩) এর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।
উল্লেখ্য, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৪জনকে উদ্ধার করা হলে অনেক খোঁজাখোঁজি করার পরেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যায় নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।