১৫ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত এবং অাহতদের খোঁজখবর নিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে দুই সদস্যের একটি প্রতিনিধি নেপাল যাচ্ছেন।
শুক্রবার দুই সদস্যের এ তারা সিলেট থেকে যাত্রা করবেন নেপালের উদ্দেশ্যে। সদস্যবৃন্দ হলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা।
গত ১২ মার্চ নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর যে সকল নেপালী ছাত্র-ছাত্রী নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করবেন তারা।
তারা নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত পূর্বক নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের নিকট প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করবেন ও শোকবার্তা পৌছে দিবেন।
উল্লেখ্য যে, ১২ই মার্চ নেপালে দুর্ঘটনায় কবলিত ইউএস বাংলার বিমানটিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট এর মোট ১৩জন নেপালী বংশোদ্ভূত শিক্ষার্থী ছিল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী (অসমর্থিত) ১১জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ০২জন শিক্ষার্থী নেপালের কেএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(আজকের সিলেট/১৫ মার্চ/ডি/এমকে/ঘ.)