৪ জুলাই ২০২৩


সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতির আশা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নদ-নদীর পানি কমতে থাকায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমে উন্নতির দিতে যেতে পারে। তবে উত্তরাঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। তবে এখনও সুনামগঞ্জের ৩ উপজেলার পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

মঙ্গলবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। সুনামগঞ্জ সদর, ছাতক, তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, মধ্যনগরসহ ছয় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার পাঁচ লাখের বেশি মানুষ। নদ-নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে নেত্রকোণাতেও।

মঙ্গলবার সকাল ৯টার তথ্য তুলে ধরে বন্যা সতর্কীকরণ কেন্দ্র প্রতিবেদনে জানিয়েছে, সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর পানি কমলাকান্দায় ৩০ সেন্টিমিটার ও পুরনো দেরাই নদীর পানি দেরাই পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে ৩ উপজেলার পানি
টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্রায় সব উপজেলায় নিম্নাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে বসত ঘরেও পানি উঠেছে। তবে সোমবার থেকে সুনামগঞ্জ এবং ভারতে বৃষ্টিপাত কম হওয়ায় পানি কিছুটা কমলেও এখনো ছাতক, সুনামগঞ্জ ও দিরাই ৩ উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানি বিপৎসীমার ওপরে থাকায় এখনো প্লাবিত রয়েছে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল।

মঙ্গলবার সকাল ৯ টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৮৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এখনও ছাতকে পানি ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর এবং দিরাইয়ে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে ৫০, ছাতকে ৪৭ ও দিরাইয়ে ১৪ মিলিমিটার।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টি কম হওয়ায় পানি কমতেছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি দ্রুতই নেমে যাবে। আবহাওয়া পূর্বাভাসে সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

শেয়ার করুন