২ জুলাই ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে তলিয়ে গেছেন ঢাকা থেকে আগত এক যুবক। নিখোঁজ আব্দুস সালাম (২৩) ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান তিনি।
রোববার বেলা আড়াইটার দিকে পর্যটনস্পট সাদাপাথ এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, ঢাকা মিরপুর-১১ থেকে ৬ জনের একটি গ্রুপ ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটক আবদুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।