১ জুলাই ২০২৩


কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মাত্র দুই দিন আগেই শেষ হয়েছে পবিত্র ঈদ উল আযহা। এখন নগরীর প্রতিটি কাঁচাবাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই কম। যাদের প্রয়োজন তারাই কেবল আসছেন কাঁচাবাজারে। কিন্তু বাজারে সবজির দাম আগের মতো থাকলেও বিক্রেতারা কাঁচামরিচের দাম হাঁকাচ্ছেন আকাশচুম্বী। ক্রেতাদের অভিযোগ খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার টাকা।

বাজারে আসা ক্রেতারা জানান, তারা কোনদিন কাঁচামরিচের এত দাম দেখেননি। একই কথা বলছেন বিক্রেতারাও। সকাল ও দুপুরে সিলেট নগরের বিভিন্ন কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায় সবজি বাজারের বর্তমান এ হালচাল।

এদিকে, হঠাৎ কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই।

নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। এর মধ্যে, ঈদের আগের দিন থেকে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকায় পৌঁছায়। কিন্তু ১০ দিন আগেও কাঁচা মরিচ ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে পাইকারি বাজারে ৬০০-৭০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

রিকাবীবাজারের বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, শনিবার সকালে কাঁচামরিচ কিনতে এসে তো আকাশ থেকে পড়া অবস্থা। এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

ভাসমান সবজি ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, পাইকারি বাজার থেকে সবজি কিনে এনে বিভিন্ন পাড়া-মহল্লা ও ফুটপাতে বিক্রি করি। বর্তমানে কাঁচা মরিচ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করছি। যদিও মানুষ ৫০-১০০ গ্রাম করে কিনে নিয়ে যাচ্ছেন।

বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, কাঁচামরিচের এতো দাম জীবনেও দেখিনি। একহাজার টাকার এক পয়সা কমেও কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচামরিচের দামে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।

আম্বরখানা কাঁচা বাজারের খুচরা বিক্রেতা মজিবর রহমান প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন জানিয়ে বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।

সোবহানীঘাট কাঁচা বাজারের আড়তদার আতিক মিয়া বলেন, কাঁচা মরিচ সিলেটে চাষাবাদ হয় না। এখানকার বাজারে যে কাঁচা মরিচ পাওয়া যায়, সবই সিলেটের বাহিরে থেকে নিয়ে আসা হয়। বেশিরভাগ মরিচ আসে বগুড়া থেকে। সেখানে দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সিলেটের বাজারে।

সোবহানীঘাটস্থ কাঁচাবাজার ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রাজু বলেন, ঈদের আগ থেকেই কাঁচা মরিচের দাম চড়া ছিল। আর ঈদের সময় সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে শিগগিরই দাম কমে আসবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল মাসুদ বলেন, এই মুহূর্তে কাঁচা মরিচের দাম চড়া এটা সত্য। তবে, এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

শেয়ার করুন