২৯ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টায় মুশফিকুর রহমান ওরফে তানভির (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার (২৮ জুন) তাকে আটক করা হয়। আটককৃত মুশফিকুর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
জানা যায়, গত ২৭ জুন রাতে মহানগরীর জিন্দাবাজার এলাকার হাজারী বিপণি বিতানের নিউ সিলেট ভেনাস জুয়েলার্সের এক কর্মচারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টাকালে দোকান কর্মচারীর চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও বাইরের অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এগিয়ে এসে মুশফিকুরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে ছিনতাই চেষ্টার ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বাদী হয়ে মুশফিকুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর দায়েরকৃত মামলায় মুশফিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে ইতোমধ্যে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মূলত, টাকার অভাবে এই যুবক স্বর্ণের দোকানে ঢুকে এমন কাণ্ড ঘটান।
তিনি আরও বলেন, ইউটিউবে ভিডিও দেখে স্বর্ণের দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের এমন পরিকল্পনা করেছিলেন।