২৪ মার্চ ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে পিতার আঘাতে পুত্র খুন হয়েছে। নিহত দুলাল মিয়া (৩৫) ওই গ্রামের নিম্বর আলীর পুত্র। পুলিশ ঘাতক নিম্বর আলী (৭০) ও তার অপর ছেলেকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিখাল গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলৈ স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল দুষ্টু প্রকৃতির লোক ছিল। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতনসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। প্রায়ই সে বাবা-মাকে মারধর করত।
ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবা নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন বাবা। এতে গুরুতর আহত হন দুলাল। পরে আহতাবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা নিম্বর আলী ও ভাই আলালকে গ্রেফতার করা হয়েছে।