২৯ জুন ২০২৩
জনি কান্ত শর্মা : আজ পবিত্র ঈদুল আজহা। সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শাহী ঈদগাহে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। পরে একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলিও করেন। ঈদের প্রধান জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার প্রধান জামাতে নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যগণ, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা।
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।