২৯ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন।
নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন।
এবার সিলেটে পবিত্র ঈদুল আযহায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।
শাহী ঈদগাহ ময়দান : সিলেট মহানগরের প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ : সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব।
দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ : দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
কালেক্টরেট জামে মসজিদ : সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন এবং নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ : এর আগে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । উল্লেখ্য, এ জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদ : প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।