২৬ জুন ২০২৩


নগরীতে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

শেয়ার করুন

শহীদুর রহমান জুয়েল : আধ্যাত্মিক নগরী সিলেটে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। যত্রতত্র দল বেঁধে চলাচল করছে এসব কুকুর। এদের আক্রমণে মানুষসহ বিভিন্ন পশু ও প্রাণী আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও কিছু কুকুর শরীরে ক্ষত ও পচনসহ বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আক্রান্ত এসব কুকুরের শরীর থেকে ছড়াচ্ছে নানা রকমের রোগ জীবাণু এবং দুর্গন্ধ। জনমনে পথ চলতে সবসময় আতঙ্ক বিরাজ করছে।

এসব অসুস্থ কুকুরের বিচরণে এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। কুকুরের আতঙ্কে অসহায় সাধারণ মানুষ। পথচারী ও স্কুল শিক্ষার্থীরা এখন কুকুর আতঙ্কে ভুগছে। বেওয়ারিশ এসব কুকুর নিয়ন্ত্রণে নগর ভবন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন কার্যকর উদ্যোগ নেই।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়, মসজিদের সামনে, বেওয়ারিশ কুকুরের সঙ্গবদ্ধ ভাবে ঘুরে বেড়ায়। কখনও কখনও রাস্তার মাঝে বসে ও শুয়ে থাকে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা স্কুলে যেতে ভোগান্তিতে পড়ে।

সিসিকের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমেদ বলেন, সিটি কর্পোরেশন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মু. আলমগীর কবির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কুকুর নিধনের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে প্রায় বছর ধরে নিধন কর্মসূচি আপাতত বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন