২১ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই প্রথমবার সিলেটে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। ব্যপক উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে দেখা যাচ্ছে মানুষকে।
নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। বিশেষ করে নবগঠিত ওয়ার্ডগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে সিসিকের নতুন ওয়ার্ড সমূহে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।
সিসিকের নবগঠিত ৩১, ৪০, ৪১, ৪২ নাম্বার ওয়ার্ড ঘুরে দেখা যায় ব্যপক আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন ভোটাররা।এরমধ্যে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
কয়েকজন ভোটারদের সাথে কথা বললে তারা জানান, নবগঠিত ওয়ার্ড এবং প্রথমবার ইভিএমএ ভোট গ্রহণ হচ্ছে, তাই ভোটার উপস্থিতি বেশি,অনেকেই ইভিএম এ ভোট দেয়ার আগ্রহ থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
নবগঠিত ওয়ার্ড ছাড়াও সিসিকের বিভিন্ন ওয়ার্ডের চিত্র প্রায় একই। সব জায়গায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।গত কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে,তবে আজকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ভোটারদের কেন্দ্রে পৌছাতে বেগ পেতে হচ্ছে না।যদিও বৃষ্টি শুরু হওয়ার সম্ভবানা রয়েছে।
নগরের ৪২ নং ওয়ার্ডের আল-জামেয়া আইডিয়াল একাডেমি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা চোধুরী নিশাতুর রহমান কোরেশি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে চলছে। কোনো ধরনের ঝামেলা নেই।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।