২০ জুন ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে রুমান আহমদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুমান ঐ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মন্নাছ মিয়ার পুত্র।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমান আহমদ তার নানাবাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে একা বাঁশের সাকো দিয়ে ছোট খাল পার হচ্ছিল। হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যায়। এতে সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
তখন তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে অভিভাবকদের কোনো অভিযোগ নেই। আত্মীয়রা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) থেকে লিখিত ছাড়পত্র এনেছেন।