২০ জুন ২০২৩


একজন বহুমুখী সফল উদ্যোক্তা মাসুক আহমদ

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাট উপজেলায় মুদির দোকানে চাকরি জীবন থেকে শুরু করে এখন বহুমুখী একজন সফল উদ্যোক্তা মাসুক আহমদ। তিনি উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি এলাকার ঘোসাইনপুর গ্রামের বাসিন্দা। মাসুক আহমদ সর্বপ্রথম মোদির দোকানে চাকরি থেকে শুরু করে নিজে ব্যবসা প্রতিষ্ঠান করে বহুমুখী ব্যবসার সফল উদ্যোক্তা এবং একজন সফল ব্যক্তি।

বর্তমানে তার রয়েছে নিজস্ব মোদির দোকান ডেইরি ফার্ম কাঠের ব্যবসা নৌকার ব্যবসাসহ অনেক জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান। কাজকে ভালোবাসা কর্মঠ এই ব্যক্তি শুধু যে সফল একজন ব্যবসায়ী তা নয়,পাশাপাশি তিনি সফল একজন কৃষক।যার গোলায় গেল এই বোরো মৌসুমে উঠেছে প্রায় ৪৫০ মন (৮২ কাটা) বোরো ধান। মা বাবা-সহ সাত ভাইয়ের একান্নবর্তী ফ্যামেলি নিয়ে মিলেমিশে আছেন একসাথে। যা বর্তমান সময়ে এভাবে থাকাটা অনেকটা বিরল বা বর্তমান সমাজের জন্য উদাহরণ হতে পারে।

গেল ২০২২ সালের ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখে নৌকার জন্য যে পানিবন্দি মানুষের হাহাকার। তা দেখে তার হৃদয়ে নাড়া দেয়।সেবার মন মানসিকতা নিয়ে কাঠ ব্যবসার পাশাপাশি শুরু করেন নৌকা তৈরি করা।যেখানে তিনি দুই ধাপে কাঠ মিস্ত্রি লাগিয়ে কাঠ ব্যবসার পাশাপাশি এ বছর ৯৫ টি কাঠের নৌকা তৈরি করেন।যা তিনি বর্তমান এই বর্ষা মৌসুমে কোন হাট বাজারে নয়, নিজ বাড়িতে বসে নামমাত্র মুনাফায় পাইকারি ভাবে সেল দিচ্ছেন।

প্রতিদিন ৫ থেকে ১০টি নৌকা বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। সেখানেও তিনি অত্যন্ত সফল এবং সংশ্লিষ্ট সকলের পরিশ্রমের মজুরি দিয়ে ভালো একটি মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন। এর বাইরেও তার রয়েছে আলাদা করে পাকা ও আধাপাকা ঘর তৈরীর ঠিকাদারি ব্যবসা।উপজেলার বিভিন্ন জায়গায় সুনামের সহিত মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর,বিভিন্ন এনজিও দাতা সংস্থার ঘর সহ বাংলাদেশ সেনাবাহিনীর অনুদানকৃত পাকা ও আধা পাকা মজবুত টেকসই ঘর তৈরি করে এলাকায় বেশ সুনাম অর্জন ও পরিচিতি লাভ করেছেন।

ভদ্র বিনয়ী ও সদাহাস্যোজ্জ্বল মাসুক আহমদ পারিবারিকভাবে একজন সফল ব্যক্তি।তিনি যে শুধু নিজের চিন্তা করেছেন তা নয়।কিভাবে ভাইদের কে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল করা যায় তাও বাদ যায়নি।তার সুপরিকল্পিত পরিকল্পনায় ভাইদেরকেও জনসম্পদে রূপান্তরিত করেছেন। একজনকে কম্পিউটারের দোকান অন্যজনকে পল্লী বিদ্যুত অনুমোদিত ইলেকট্রিকশিয়ান সহ সবাইকে যার যার এক একটি অবস্থান করে দিয়েছেন।

মাসুক আহমদ বলেন, হুট করে আজকের এই অবস্থানে আমার আসা নয়।তার জন্য আমাকে অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে।জীবনের প্রথম আমি একটি মুদির দোকানে চাকরি করি।তারপর আমি আমার নিজ এলাকায় ছোট্ট একটি মোদির দোকানের ব্যবসা শুরু করি।কিছুদিন পর বিস্কুট কোম্পানির একটি এজেন্ট নিয়ে আসি।এরপর আর আমাকে পিছু তাকাতে হয়নি।তিল তিল করে কাঠের ব্যবসা ডেইরি ফার্ম গড়ে তুলি।পাশাপাশি কৃষি কাজ ও ঠিকাদারী ব্যবসার কাজ চালিয়ে যাই।

তিনি বলেন, সৎ ভাবে কাজ করলে কোন কাজই ছোট নয়। আজকের এই অবস্থানে আসা যার বিস্তর বর্ণনা সংক্ষেপে বলা সম্ভব নয়।এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অনেক মানুষের অবজ্ঞা অবহেলার প্রেরণা। সফল এই ব্যক্তি বলেন,কোন ব্যবসায় পুঁজি কোন ব্যাপার নয়।হুট করে সংক্ষিপ্ত পথে বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন।স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন।সততা, দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কথাবার্তার মিল এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেকোন ব্যবসায় সফল হওয়া যে কারো পক্ষে অসম্ভব কিছু নয়।

শেয়ার করুন