১৪ জুন ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি : বৃটেনের বুকে এ যেন এক খণ্ড গোয়াইনঘাট। বিশ্বের যেসব দেশে বাঙালিরা অভিবাসী হিসেবে নোঙর গড়েছে তার মধ্যে নি:সন্দেহে বৃটেন অন্যতম। বৃটেনে বাঙালির ইতিহাস শুরুর দিকে যতটা না কষ্টের আবরণে ঘেরা ছিল ভবিষ্যত প্রজন্মের জন্য ততটাই আলোকিত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশিদের পদচারণা বেশ পুরনো। বিলেতের কোন কোন শহরের রাস্তা-ঘাট, দোকান পাট গুলোতে বাঙালিদের আনাগোনা দেখে মনে হতে পারে এ যেন প্রবাসে একখণ্ড বাংলাদেশ।
লন্ডন প্রবাসী গোয়াইনঘাটের কৃতি সন্তান হাফিজ আব্দুল মুবিনের নেতৃত্বে ২০১৬ সালে গঠিত হয় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। যে সংগঠনটি আজ অবধি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নতুন নেতৃত্বের মাধ্যমে ইউরোপ, আমেরিকা, কানাডা, নেপাল, ভুটান, বাহরাইন ও সৌদি আরবসহ বিশ্বের সিংহভাগ দেশের প্রবাসীদের নিয়ে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের শাখা গঠন করে বাংলাদেশ তথা গোয়াইনঘাট উপজেলার সুনাম ঐতিহ্য লালন করে চলছে।ইতিমধ্যে সংগঠনটি তার স্বমহিমায় দেশের বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের বিভিন্নভাবে পাশে দাঁড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সংগঠনটি।গোয়াইনঘাটের সাধারণ ও অসহায় মানুষের আস্হা ও ভালবাসার প্রতীক গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। শুধু সহায়তার দিক দিয়ে নয়,সংগঠনের সকল সদস্যদের মনোবল শক্তি সুদৃঢ় ও ঐক্য বজায় রাখতে আনন্দ ও চিত্তবিনোদনে শীর্ষে রয়েছে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
গতকাল মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা ১ টায় গোয়াইনঘাট-প্রবাসী সমাজকল্যান-পরিষদ যুক্ত রাজ্য শাখার পক্ষ থেকে লন্ডন মারগেইট সাগরের পাড়ে সামার টুর -২০২৩ বার্ষিক বনভোজন উদযাপন করে। দিনব্যাপী নৌকা ভ্রমন,বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু,হাড়িভাঙ্গা,ফুটবল খেলাসহ বিভিন্ন ভাবে আনন্দ উপভোগের মাধ্যমে বার্ষিক বনভোজন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখা হয়।যেখানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার সকল দায়িত্বশীল ও সংগঠনের সদস্যবৃন্দ।