১০ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সিলেট পর্যন্ত অগ্রসর হওয়ায় তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।
শনিবার (১০ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এছাড়া দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম এবং সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
রোববার (১১ জুন) সকাল পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৮৪ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪৭ মিলিমিটার।