৪ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কো.–এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কো.–এর মালিক মো. জামাল উদ্দিন, ক্রেনচালক মো. সাদেক। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক ও ঠিকাদার।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
উল্রেখ্য, এর আগে শনিবার বিকেল তিনটার দিকে বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিটি করপোরেশনের নির্মানাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।
এ ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, ঘটনার পর সেনা সদস্য নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে পরিবর্তস করা হয়েছে। মামলায় আসামী হওয়ায় দুইজন সদস্যকে এই কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। পুনর্গঠিত এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নতুন কমিটিতে আহবায়ক করা হয়েছে- সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ বদরুল হক, এছাড়া সদস্য করা হয়েছে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) রজি উদ্দিন খান।