১৯ জুলাই ২০১৭


দ.সুরমায় অস্ত্র-মাদকসহ আটক ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ পাঁচজনকে আটক করেছেন র‌্যাব-৯ এর সদস্যরা। আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমার তেলীবাজার গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (৩৫), শহীদের স্ত্রী শিউলী আক্তার বুলু (২৮), একই এলাকার মৃত হান্নান মিয়ার তিন ছেলে জালাল মিয়া (৩৫), হেলাল উদ্দিন (৩০) ও সাগর আহমেদ (১৮)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আহম্মদপুর এলাকা থেকে র‌্যাবের এক বিশেষ অভিযানে এদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

বুধবার বেলা ১১টায় সিলেট র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক জানান, মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের একটি বিশেষ দল মাদক সম্রাট হিসেবে পরিচিত শহীদ এবং তার স্ত্রীসহ পাঁচজনকে আটক করে। পরে শহীদের স্বীকারোক্তির ভিত্তিতে আহম্মদপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার, সাত হাজার ৬০০ পিস ইয়াবা, ৩৪৪ গ্রাম হেরোইন এবং নগদ চার লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

এর আগেও শহীদ বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রেপ্তার হয়ে কারাভোগ করেন বলে জানান র‌্যাব অধিনায়ক।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

 

 

(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন