৭ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট-বিমানবন্দর রোডে মালনীছড়া চা বাগান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি বাঘ। বাঘটি সড়কে গাড়ি চলাচল দেখে প্রথমে একটু থমকে দাড়ালেও পরে আর থেমে থাকে নি। দৌড় দেয় রাস্তার অপর পাশে। এসময় থেমে যায় সড়কে চলাচলকারী যানবাহনও।
মঙ্গলবার রাতে রাস্তায় এই বাঘের দেখা পান এক পথচারী।
জানা যায়, গত ০২ ফেব্রুয়ারী সিলেট শহরতলির মালিনীছড়া চা-বাগানে বাঘের এই আনাগোনার আলামত পাওয়া যায়। প্রথম দফায় বিচ্ছিন্ন পায়ের ছাপ। তারপর দেখা গেল সারিবদ্ধ কিছু ছাপ। এতে চিন্তার খোরাক জোগায়। সবশেষে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া যায়একটি গরু। আশপাশে আরও পায়ের ছাপ। তখন সবাই মত দিলেন এটি বাঘের পায়ের চিহ্ন। বন বিভাগের কর্মকর্তারাও আলামত দেখে একমত প্রকাশ করলেন।
অবস্থান নিশ্চিত করতে বন বিভাগ ‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতি শুরু করে। গত শুক্রবার বিকেলে বাঘ বিশেষজ্ঞদের পরিদর্শনের পর চা-বাগানের কাঁঠালবনে লাগানো হয়েছে ‘নাইট ভিশন ইনফারেক্ট ক্যামেরা’। এটি রাতের বেলা বাঘের বিচরণমাত্র স্থিরচিত্র ধারণে সক্ষম।
নগরের উত্তর-পশ্চিমে ১ হাজার ৫০০ একর জায়গাজুড়ে মালিনীছড়া চা-বাগানের অবস্থান। বাগান ছাড়াও আছে রাবার বাগানের ঘন বন। ১৮৫৪ সালে স্থাপিত বাগানটি উপমহাদেশের প্রথম চা-বাগান। সিলেটে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের এই চা-বাগানের সরু পথে গত ২০ ফেব্রুয়ারি প্রথম বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপর আরেক দফা পায়ের ছাপ অনেকটা স্পষ্টভাবে দেখা গেলে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। গত বুধবার পায়ের ছাপের সঙ্গে গবাদিপশুর ঘাড় মটকানো অবস্থা দেখে চা-শ্রমিকসহ বন বিভাগের কর্মীরা বাঘ বলে নিশ্চিত হন।
এদিকে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুনিরুল ইসলাম জানিয়েছেন, বাঘ দেখার বিষয়টি তারা জেনেছেন। তাদের বিশেষজ্ঞ টিম ঘতনাস্থলে পৌছেছে। ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বিস্তারিত পরে জানানো যাবে।
(আজকের সিলেট/৭ মার্চ/ডি/এমকে/ঘ.)