২৩ জুন ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : বৃষ্টিপাত না হওয়ায় কমেছে সুনামগঞ্জ নদী ও হাওরের পানি। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ সুরমা নদীর পানি ৭ সেন্টিমিটার কমেছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে সুরমা নদীর ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাদুকাটা, বৌলাই, রক্তি সহ কমছে সব নদ নদী ও হাওরের পানি।
পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
গেল সপ্তাহে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও গতকাল দুপুর থেকে দুদিন বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা কমেছে নদী ও হাওরের পানি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে নদী ও হাওরের পানি। যদি আবহাওয়া এমন থাকে তবে নামতে শুরু করবে সব এলাকার পানি। এদিকে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কম হয়েছে।