৩১ মে ২০২৩


গোলাপগঞ্জে ভাতিজাদের হামলায় চাচার মৃত্যু

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতনিধি : গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ সিরাজ উদ্দিন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।

বুধবার ভোর রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত ১ মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করেন আসামিরা। এসময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘটনার ২দিন পর (৩ মার্চ) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর-৪, তারিখ- ৩/৩/২০২৩) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।

শেয়ার করুন