৩১ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন তিন মেয়র প্রার্থী। আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহজাহান মিয়া। তবে অপর দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর ভাগ্য ফেরেনি।
মঙ্গলবার শুনানি শেষে আপিল বোর্ডের প্রধান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ রায় দেন।
মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পান। ফলে সিলেটে এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দাঁড়াল সাতজনে।
অপর দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর করে বসেছেন মস্তবড় ভুল। তারা জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে যে সমর্থক দিয়েছেন তারা নগরীর ভোটারই নন। স্বতন্ত্র বলা হলেও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী খেলাফত মজলিসের সিলেট জেলা সহ-সভাপতি।