৭ মার্চ ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারের পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের চোখ বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আহত মাহদি হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে পৌর এলাকার শ্রীধরা গ্রামের আতিক হোসেনের পুত্র।
মঙ্গলবার শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক আবু সুফিয়ান শ্রেণিকক্ষে পাঠদানে অমনোযোগী থাকা এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এ সময় পাশে থাকা শিক্ষার্থী মাহদি হোসেনের বাম চোখে গিয়ে বেতের আঘাত পড়ে। সাথে সাথে তার চোখ থেকে রক্ত ঝরতে থাকলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালে অবস্থানরত আহত ছাত্রের প্রতিবেশি জাবেদ আহমদ জয় জানান, চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন মাহদির বাম চোখের কর্ণিয়া আক্রান্ত হয়েছে। এটি অপারেশন করলেও পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম। তিনি জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ ব্যাপারে পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন জানান, প্রশাসনিক কাজে আমি ঢাকায় রয়েছি। এরপরও অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান জানান, ছাত্র আহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ছাত্রের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। আজ বুধবার এ বিষয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
(আজকের সিলেট/৭ মার্চ/ডি/কেআর/ঘ.)