৩০ মে ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের ঘরগাঁও খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানির গভীরে পাথরের গর্তে পড়ে তলিয়ে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাও খোয়াই নদীর দক্ষিণকে পাথর বেষ্টিত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন (৩৫) গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে।
খবর পেয়ে ঘটনার স্থল থেকে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শন গোলাম মোস্তফা বিকেল ৪ টায় মরদেহ উদ্ধার করেন ।
স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নিহত শাহীন ও তার বন্ধু বিলাল সহ ৩ যুবক সদর ইউনিয়নের ঘরগাও খোয়াই নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে পাথর বেষ্টিত এলাকায় পাথরের গর্তে হাত আটকে গেলে শাহীন মিয়া পানিতে নেমে ছাড়াতে যান। পরে তিনি তলিয়ে গেলে তার দুই বন্ধু সহ আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর তাঁর লাশ উদ্ধার করে।
এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।