২৮ মে ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগরে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে চুরি হওয়া পাঁচ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার ও এঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশ। চুরির টাকা উদ্ধার ও দুজনকে আটকের বিষয়টি গণমাধ্যম’কে নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার (২৫ মে) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মালিকানাধীন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে সাড়ে ৯ লাখ টাকা, একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ভিডিআর চুরি হয়। পরে ২৭ মে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী সোহেলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সোহেল চুরির বিষয়টি স্বীকার করেন।

পরে এ ঘটনায় জড়িত আলী আজগর’কে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোহেল রানার নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বলেন, চুরি বন্ধ ও শহরবাসীর নিরাপত্তা জোরদারে পুরো শহর সিসি টিভির আওতায় আনা হবে। সারা জেলায় নজরদারি বাড়ানো হবে।