২৩ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক: বিশাল শো-ডাউন ও দলীয় নেতাকর্মীদের বিরাট বহর নিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।এতে করে নির্বচনী আরনবিধি লংঘন হয়েছে কি না তা জানেনা আঞ্চলিক নির্বাচন কমিশনার।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারুজ্জামান চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন । এরআগে দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের বহর নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান তিনি।
সিটি করেপারেশন নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনপ্রকার মিছিল বা শো-ডাউন করা যাবে না, বা কোনো প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না। তবে মঙ্গলবার মনোনয়ত্র জমাদানকালে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে শতাধিক নেতাকর্মী ছিলেন।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বলেন, আনোয়ারুজ্জামান মনোনয়নপত্র জমাদানকালে অনেক কাউন্সিলর প্রার্থী এবং সাংবাদিকরা এখানে উপস্থিত ছিলেন। ফলে ভিড় লেগে যায়। তবে আমাদের কার্যালয়ের বাইরে কোন শো-ডাউন করা হয়েছে কি-না খেয়াল করিনি। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৫ জনের বেশি লোক নিয়ে আসতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি যাতে সবাই মেনে চলেন এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।
আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র জমাদানকালে নির্বাচন কমিশন কার্যালয়ে তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ ও অ্যাডভোকেট রনজিত সরকারসহ অনেক নেতাকর্মী।
প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট ইভিএমে হবে। মঙ্গলবারই (২৩ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর ১ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।